যখন মনে হয়, ঘটনাটি আগেও ঘটেছে: রহস্যময় অনুভূতি ডেজাভু (Deja vu) কখনো কি এমন হয়েছে কোনো নতুন জায়গায় গিয়ে হঠাৎ মনে হলো, এখানে যেন আগেও এসেছেন? কারও সঙ্গে প্রথমবার কথা বলতে গিয়ে মনে হলো, কথোপকথনটি যেন আগে কোথাও হয়েছে! এমনকি চারপাশের দৃশ্য, মানুষের মুখ কিংবা কথার ধরনও অদ্ভুতভাবে পরিচিত মনে হতে পারে। অথচ আপনি নিশ্চিত, […]
যখন মনে হয়, ঘটনাটি আগেও ঘটেছে: রহস্যময় অনুভূতি ডেজাভু (Deja vu)
কখনো কি এমন হয়েছে কোনো নতুন জায়গায় গিয়ে হঠাৎ মনে হলো, এখানে যেন আগেও এসেছেন? কারও সঙ্গে প্রথমবার কথা বলতে গিয়ে মনে হলো, কথোপকথনটি যেন আগে কোথাও হয়েছে! এমনকি চারপাশের দৃশ্য, মানুষের মুখ কিংবা কথার ধরনও অদ্ভুতভাবে পরিচিত মনে হতে পারে। অথচ আপনি নিশ্চিত, ঘটনাটি এই প্রথম ঘটছে।
স্নায়ু বা মনোবিজ্ঞানে এই রহস্যময় অনুভূতির নাম ডেজাভু (Deja vu)।
ফরাসি শব্দ Deja vu-এর অর্থ ‘ইতিমধ্যে দেখা’। এটি এমন একটি অনুভূতি, যেখানে বর্তমান অভিজ্ঞতাকে হঠাৎ অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার পুনরাবৃত্তি বলে মনে হয়। তবে এর অর্থ এই নয় যে ঘটনাটি সত্যিই আগে ঘটেছে বা আপনি ভবিষ্যৎ দেখতে পেয়েছেন।
কেন হয় ডেজাভু?
ডেজাভুর সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে নিউরো বা সাইকিয়াট্রি গবেষকরা মনে করেন, মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণ ও পরিচিতি শনাক্তকরণ প্রক্রিয়ার সাময়িক অসামঞ্জস্য এর সঙ্গে জড়িত থাকতে পারে। কোনো দৃশ্য বা পরিস্থিতি বর্তমানের হলেও মস্তিষ্ক সেটিকে ভুলবশত পরিচিত বলে সংকেত দিতে পারে। ফলে তৈরি হয় ‘এটা তো আগেও দেখেছি’ ধরনের অনুভূতি।
মস্তিষ্কের টেম্পোরাল লোব (Temporal lobe), বিশেষত স্মৃতি ও পরিচিতি শনাক্তকরণের সঙ্গে যুক্ত স্নায়বিক প্রক্রিয়াগুলোতে ত্রুটি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ক্লান্তি, মানসিক চাপ কিংবা ঘুমের ঘাটতির সময়ও কারও কারও ডেজাভু বেশি হতে পারে।
ডেজাভু কি মানসিক রোগের লক্ষণ?
না। সুস্থ মানুষেরও ডেজাভু হতে পারে, বিশেষ করে তরুণ বয়সে। মাঝে মাঝে কয়েক সেকেন্ডের জন্য এমন অনুভূতি হলে সাধারণত উদ্বেগের কারণ নেই।
তবে বারবার ডেজাভু হওয়ার সঙ্গে যদি অতিপ্রাকৃত শব্দ শোনা, অতিপ্রাকৃত দৃশ্য দেখা, হঠাৎ তীব্র ভয়, অগোছালো আচরণ বা কথাবার্তা, অনিদ্রা কিংবা খিঁচুনি দেখা দেয়, তাহলে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ডেজাভু আমাদের মনে করিয়ে দেয়, স্মৃতি কোনো নিখুঁত ভিডিও রেকর্ডার নয়। কখনো কখনো বর্তমানকে অতীত বলে মনে হয়, আর কয়েক সেকেন্ডের এই অদ্ভুত অভিজ্ঞতাই আমাদের মস্তিষ্কের জটিল কার্যপ্রণালি সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়।
ডা. সাঈদ এনাম
সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ।
ইন্টারন্যাশনাল ফেলো: আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।